সম্পর্কের শুরুতে

আমাদের অমূল্য অর্জনের অন্যতম অলংকার সম্পর্ক। জীবনজুড়ে যাবতীয় কর্মকাণ্ডের কম্পাস। কাজে-অকাজে, খেলায়-মেলায়, হারায়-জেতায় নিত্য নির্ধারক। এহেন মানিক্য কখনো মেলে বিনা আয়াসে, কখনো কঠিন প্রয়াসে। তবে মুঠোফোন জমানায় নাড়ীর যোগ, রক্তের টানের স্বজনসংখ্যা সামান্য, কারণ বিভিন্ন। গুরু পরিবার লঘু হওয়া, রুজির টানে বাইরে যাওয়া, পণ্যসুখে মেতে থাকা, মোবাইল মায়ায় মুখটি ঢাকা। সম্পর্কের সমাদরহীন সমাজ অসুখ ডেকে আনে।

সম্বন্ধর সহজপাঠ সকালেই শুরু হয়। নয়ন মেলেই নবজাতকের নজরজুড়ে নিকটজনের নিবিড়তা। মমতা মেশানো মাটিতে, স্নেহাদরের মিষ্টি জলে, আদরের ঘন ঘেরাটোপে লতিয়ে বাড়ে মানব সন্তান। প্রগাঢ় পরিচর্যায় পুষ্টি পায় প্রজাতি। অতঃপর সম্পর্কের রসায়নে জারিত হতে হতে শিশু বড়ো-বুড়ো হতে থাকে। সন্ধানী মন শিখতে থাকে, টিঁকতে থাকে।

ইনসানি জন্মে সমবেত চলন বাঁচার অন্যতম উপায়-উপলব্ধি। সংযোগ শিক্ষার পাঠক্রমে শরিক, সমাজের এভারেস্টীয় হস্তক্ষেপ থাকে। বলার ধরন, আবেগের গড়ন, চাহিদার চলন অবোধবেলা থেকেই স্মৃতিকার্ডে সঞ্চিত হচ্ছে। ব্যক্তি, বস্তু, বিষয়- তাদের স্ববোধমতো ঝাঁপি উপুড় করে ইনপুট দেয়। সেখানে সামান্য ভুলে হতে পারে আগ্রার যাত্রীর আগরতলায় গমন। বিঘ্নিত জ্ঞানে না পারবে নিজেকে খুঁজতে, না পারবে অন্যকে বুঝতে। দুনিয়া দেখন হবে আবছাটে আয়নায়, চলনও হবে সেই অনুপাতেই। তাই পরিবার, পরিবেশকে সচেতন-শিক্ষিত হতে হয় ভবিষ্যৎ প্রজন্মের রক্ষণাবেক্ষণে।

শিশুতো জন্ম থেকেই ভালোবাসা নিয়ে জন্মায়, সহানুভূতি তার অন্তর জুড়ে। তারপর ক্রমশ আমরাই নিজেরাই তার সেই মানবিকতাটা মুছে ফেলি। শেখাই- ‘নিজের টিফিন নিজে খাবে’, ‘খাতা দিওনা কাউকে’। শেখাই দেওয়া মানেই ক্ষতি, ভাগ মানেই বোকামি। নরম মাঠে স্বার্থপরতার বীজ বুনে দেওয়া। সে একসময় শিখে যায় ‘নিজে বাঁচলে বাপের নাম’…তারপর সেই বাপেরই জায়গা বৃদ্ধাশ্রম।

সন্তানের মনে মমতা রোপন করলে ভালোবাসা, সহানুভূতির ফসল ফলবে। যাতে উপকৃত হবে গোটা সমাজটাই। মানুষকে বদলে মেশিন বানানো, কেবলমাত্র নম্বর-চাকরি-মাইনের মানদন্ডে সফলতা খোঁজার শিক্ষা দেওয়ার প্রবণতায় লাগাম টানতেই হবে। জীবিকা জরুরী কিন্তু তার বাইরেও জীবনের একটা বড়ো আকাশ আছে। আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ, বিশ্বের-প্রকৃতির প্রেক্ষাপটে নিজেকে দেখার শিক্ষাটাও আবশ্যক। নইলে বালুচরে বাঁধা খেলাঘর ভাঙতে সময় নেবেনা…

Dr. Debabrata Biswas, Secretary, Byanjanbarna Foundation,India